জ্ঞানই মানুষের প্রকৃত অলংকার। আর সেই জ্ঞান যদি হয় দ্বীনের আলো ও দুনিয়ার প্রজ্ঞার সমন্বয়ে সমৃদ্ধ, তবে সেই মানুষই হয়ে ওঠে জাতির শ্রেষ্ঠ সম্পদ। ইসলাম কখনো মানুষকে কেবল মসজিদের মধ্যে সীমাবদ্ধ থাকতে শেখায়নি; বরং কুরআনের প্রথম আহ্বানই ছিল, "পড়ো!"। এই "পড়ো" শব্দের মধ্যেই লুকিয়ে আছে মানবজীবনের পূর্ণাঙ্গ শিক্ষা, যেখানে দ্বীন ও দুনিয়া একে অপরের পরিপূরক।
আজকের পৃথিবীতে মুসলিম উম্মাহর সবচেয়ে বড় প্রয়োজন এমন এক প্রজন্ম, যারা এক হাতে ধারণ করবে কুরআন-সুন্নাহর পবিত্র জ্ঞান, আর অন্য হাতে পরিচালনা করবে আধুনিক বিশ্বের বিজ্ঞান, প্রযুক্তি ও সভ্যতার অগ্রযাত্রা। আমরা চাই এমন তরুণ, যে মসজিদের মিম্বারে দাঁড়িয়ে হক কথা বলবে, আবার হাসপাতালের অপারেশন থিয়েটারেও মানবসেবার দৃষ্টান্ত স্থাপন করবে। আমরা চাই এমন একজন হাফেজ, যে একই সাথে একজন দক্ষ ডাক্তার; এমন একজন মাওলানা ও মুফতী, যিনি আবার আধুনিক প্রযুক্তিতে পারদর্শী একজন ইঞ্জিনিয়ার।
এই মহান স্বপ্ন নিয়েই অগ্রসর হচ্ছে জামি'আতুল আবরার । এটি কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়; বরং এটি একটি স্বপ্নের কারিগর, একটি আদর্শ প্রজন্ম গড়ার দীপ্ত প্রত্যয়।
এখানে একজন শিক্ষার্থী কওমি ও মাদানি সিলেবাসের গভীর ইলম অর্জনের পাশাপাশি আধুনিক শিক্ষার ধারায়ও সমানভাবে অগ্রসর হওয়ার সুযোগ পায়। সম্পূর্ণ তত্ত্বাবধানে মাত্র ৯ বছরের মধ্যেই একজন ছাত্র দাওরায়ে হাদীস সম্পন্ন করার পাশাপাশি এইচএসসি শিক্ষা সমাপ্ত করতে সক্ষম হয়। ফলে তার সামনে উন্মুক্ত হয় দ্বীনি ও আধুনিক— উভয় শিক্ষার সুবিশাল দিগন্ত।
দ্বীনি উচ্চশিক্ষার জন্য মেধাবী শিক্ষার্থীদের বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠান যেমন ও -এ অধ্যয়নের সুযোগ তৈরি করা হয়। একই সাথে জেনারেল শিক্ষার অঙ্গনেও তারা এগিয়ে যেতে পারে দেশের সেরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসমূহে, যেমন সহ অন্যান্য খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ে।
আমাদের লক্ষ্য কেবল সনদ প্রদান নয়; বরং এমন আলোকিত মানুষ তৈরি করা, যারা হবে আখলাকে সুন্দর, চিন্তায় আধুনিক, ঈমানে দৃঢ় এবং মানবসেবায় নিবেদিত। এমন প্রজন্ম, যারা দ্বীনের খেদমত করবে, দেশের নেতৃত্ব দেবে এবং বিশ্বমঞ্চে ইসলামের সৌন্দর্যকে জ্ঞানের মাধ্যমে তুলে ধরবে।
একটি আদর্শ সমাজ গঠনের জন্য যেমন প্রয়োজন আলেম, তেমনি প্রয়োজন সৎ ডাক্তার, ন্যায়পরায়ণ বিচারক, দক্ষ ইঞ্জিনিয়ার ও মানবিক শিক্ষাবিদ। আর সেই পূর্ণাঙ্গ মানুষ তৈরির এক অনন্য মিশন নিয়েই পথ চলছে জামি'আতুল আবরার— যেখানে দ্বীনের আলো ও দুনিয়ার জ্ঞান মিলেমিশে নির্মাণ করছে আগামী দিনের নেতৃত্ব। রব্বে কারীম আমাদেরকে কবুল করুক। আমীন।
মুফতী আবুল হাসান দা. বা.
প্রিন্সিপাল, জামি'আতুল আবরার